ফিল ফোডেন দূর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন। ম্যানচেস্টার সিটিও বড় জয় পেয়েছে। তারপরও স্বস্তি নেই ম্যানসিটির শিবিরে। কেননা এ জয় তাদেরকে শিরোপা জয়ের নিশ্চয়তা দিচ্ছে না। শুধু নিশ্চয়তা দিয়েছে তারা এখনো শিরোপা লড়াইয়ে টিকে রয়েছে।
বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ফোডেনের হ্যাটট্রিকের সুবাদে ৪-১ গোলে জয় পেয়েছে। এ জয়ের ফলে ৩০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৭। পয়েন্ট টেবিলে অবস্থান তিন নম্বরে। আর্সেনাল ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। আর লিভারপুল ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তবে লিভারপুল একটা ম্যাচ কম খেলেছে।
আসলে এই মৌসুমটা ম্যানচেস্টার সিটির জন্য মোটেও স্বস্তিদায়ক হচ্ছে না। পয়েন্ট টেবিলে শীর্ষে পাঁচে থাকা কোনো দলের বিপক্ষে এই প্রথম তারা জয়ের মুখ দেখলো। ফলে পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকাটাই স্বাভাবিক।
লিভারপুল তাদের পরবর্তী ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে। অন্যদিকে আর্সেনালে বুধবার রাতে লুটন টাউনকে ২-০ গোলে হারিয়ছে।
নিজেদের মাঠের খেলায় ম্যানসিটি শুরু থেকেই অ্যাস্টন ভিলাকে চেপে ধরেছিল। তার সুফল ঘরে তুলতে খুব বেশি সময় তাদের অপেক্ষা করতে হয়নি। ১১ মিনিটের সময় রদ্রি গোল করে দলকে এগিয়ে নেন। তবে তাদের এই স্বস্তি কেড়ে নিতে খুব বেশি সময় নেয়নি ভিলা। ২০ মিনিটের সময় জন ডুরান গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।
ব্যবধান বাড়িয়ে নেওয়ার জন্য ম্যানসিটি প্রথমার্ধের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ইনজুরি সময়ের প্রথম মিনিটে ফিল ফোডেন দলকে এগিয়ে নেন। তবে বিরতির পর স্বল্প ব্যবধানে জোড়া গোল করে একদিকে হ্যাটট্রিক পূর্ণ করেন, অন্যদিকে দলের সহজ জয়ও নিশ্চিত করেন। ৬২ ও ৬৯ গোল করেন তিনি।