উড়ছে আর্জেন্টিনার ফুটবল। আন্তর্জাতিক ফুটবলে একের পর এক সাফল্যে দলটি গত বছরের এপ্রিল মাসে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছিল। পেছনে ফেলেছিল জার্মানি, ব্রাজিল, ফ্রান্সের মতো শক্তিশালী দলকে। টানা এক বছর ফিফা র্যাংকিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি।
আজ বৃহষ্পতিবার ফিফা র্যাংকিংয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। সেরা দশে দুই পরিবর্তন এসেছে। আর্জেন্টিনা শীর্ষেই রয়েছে। তাদের পরে রয়েছে ফ্রান্স। ইংল্যান্ডকে টপকে তিন নম্বর স্থানের দখল নিয়েছে বেলজিয়াম। ইংল্যান্ড নেমে এসেছে চার নম্বরে। ব্রাজিল পঞ্চম স্থানে। উন্নতি হয়েছে পর্তুগালের। এক ধাপ উপরে উঠে তারা স্থান নিয়েছে ছয় নম্বরে। শীর্ষ দশের বাকি চার স্থানে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।
অবনমন হয়েছে বাংলাদেশের। ১৮৩তম স্থান থেকে নেমে ১৮৪ স্থানে এসে দাঁড়িয়েছে লাল সবুজের পতাকার দেশটি। গত বছরের অক্টোবরে বাংলাদেশ ১৮৩তম স্থানে উঠে এসেছিল। ছয় মাস সেটা ধরে রাখে। গত মাসে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ফিলিস্তিনের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটো ম্যাচ খেলেছে। দুই ম্যাচেই বাংলাদেশ হেরেছে। যার ফলে এই অবনমন।