আবার হ্যাটট্রিক করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার হ্যাটট্রিকের সুবাদে সৌদি প্রো লিগে শনিবার আল নাসরে বিধ্বস্ত হয়েছে আল ওয়েহদা। ৬-০ গোলে জয় পেয়েছে আল নাসর। সৌদি লিগে রোনালদোর এটা চতুর্থ হ্যাটট্রিক।
সৌদি প্রো লিগে রোনালদোর ক্লাব আল নাসরের এবার শিরোপা জয়ের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে রোনালদোর সামনে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড করার দারুণ সুযোগ রয়েছে। লিগের এখনো চারটি ম্যাচ বাকি। যেভাবে গোল পাচ্ছেন রোনালদো তাতে করে এ চার ম্যাচ খেলতে পারলেই তিনি সৌদি লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার কীর্তি গড়তে পারেন। এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের কীর্তি আব্দুররাজ্জাক হামদাল্লাহর। ২০১৮-১৯ মৌসুমে তিনি ৩৪ গোল করেছিলেন। পাঁচবারের ব্যালন ডি অর জয়ী রোনালদো এ পর্যন্ত ৩২ গোল করেছেন।
ম্যাচের পঞ্চম মিনিটে রোনালদো প্রথম গোলের দেখা পান। সাত মিনিট পরই দ্বিতীয় গোল করেন তিনি। আর বিরতির পরপরই হ্যাটট্রিক পূর্ণ করেন। হ্যাটট্রিকের তিন গোলের একটি বা পায়ে, একটি ডান পায়ে এবং অন্যটি হেডে করেন।
সব মিলিয়ে আল নাসরের হয়ে এ মৌসুমে রোনালদোর গোল সংখ্যা দাঁড়িয়েছে ৪৫। তার সামনে এখন আরো একটা কীর্তি হাতছানি দিচ্ছে। এক মৌসুমে নিজের সর্বোচ্চ গোলের কীর্তি ছাপিয়ে যেতে পারেন তিনি। এক মৌসুমের রোনালদোর সবচেয়ে বেশি গোল ৫১। ২০১৫-১৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এ কীর্তি গড়েছিলেন।