সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগ

হালান্ডের হ্যাটট্রিকে ম্যানসিটির বড় জয়ে চাপে আর্সেনাল
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ৫ মে, ২০২৪, ৬:৫৭ পূর্বাহ্ন

দুই দশক আগে সর্বশেষ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছিল আর্সেনাল। এবার শিরোপা জয়ের দারুণ একটা হাতছানি তাদের সামনে। নিজেদের কাজটা তারা ঠিকই করে চলেছে। কিন্তু পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটি। নিজেদের ম্যাচ জয়ে যখন আর্সেনাল একটু এগিয়ে যাচ্ছে তখনই ম্যানসিটি তাদের পেছনে আরো বেশি করে আঠার মতো লেগে থাকছে। শনিবার নিজেদের মাঠে আর্সেনাল ৩-০ গেলে উড়িয়ে দিয়েছে এএফসি বোর্নমাউথকে। কিছু সময় পর ম্যানসিটি বিধ্বস্ত করেছে ওলভারহাম্পটনকে। আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে ৫-১ গোলে জয় পেয়েছে। এ জয়ে ম্যানসিটির সামনে টানা চুতর্থবারের মতো শিরোপা জয়ের সম্ভাবনা আরো উজ্জ্বল হয়েছে।

কিছুদিন আগে প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে তিন দল ছিল। সেখান থেকে লিভারপুল ছিটকে গেছে। ৩৫ ম্যাচ থেকে ৭৫ পয়েন্ট নিয়ে অনেক দূর থেকে তারা আর্সেনাল ও ম্যানসিটিকে অনুসরণ করে চলেছে। ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে। আর ৩৫ ম্যাচ থেকে ৮২ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি।

ম্যানসিটির বড় জয়ে হালান্ড করেছেন চার গোল। অন্য গোলটি হুলিয়ান আলভারাজের। চলতি মৌসুমে হালান্ডের এটি তৃতীয় হ্যাটট্রিক। সিটির জার্সিতে নবম। ম্যাচের প্রথমার্ধে করা দ্বিতীয় হ্যাটট্রিক এটি তার। তবে এবারই প্রথমবারের মতো এক ম্যাচে চার গোল করার কৃতিত্ব দেখালেন। ২৫ গোল নিয়ে গোলদাতাদের শীর্ষে তিনি।

প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন হালান্ড। তবে তিন গোলের দুটো ছিল পেনাল্টি থেকে পাওয়া। দ্বাদশ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন তিনি। ৩৫ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন। আর প্রথমার্ধের ইনজুরি সময়ে আবার পেনাল্টি থেকে গোল পান হালান্ড। বিরতির পরপরই করেন চতুর্থ গোলটি।

ম্যানসিটির গোল মেশিনখ্যাত হালান্ড ইনজুরির কারণে মৌসুমের শুরুতে প্রায় দুই মাসের খেলতে পারেননি। তবে গুরুত্বপূর্ণ সময় মাঠে ফিরেছেন এবং দায়িত্ব পালন করে চলেছেন। এদিন ৮২ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ পেপ গার্দিওলা। তার পরিবর্তে মাঠে আসা আলভারেজও গোল উৎসব অব্যাহত রাখেন। মাঠে আসার তিন মিনিটের মধ্যে গোলের দেখা পান তিনি। তার করা গোলটা ছিল ম্যানসিটির এ ম্যাচে শেষ গোল।

 


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com