লিওনেল মেসির ফেরার ম্যাচে হুলিয়ান আলভারেজের গোলে চিলিকে হারালো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে ১-০ গোলের জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল স্কালোনির দল।
মার্চের দুই ম্যাচে চোটের কারণে অনুপস্থিত ছিলেন লিওনেল মেসি। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে সেই জয় থেকে দূরে থাকা অধিনায়ক ফিরলেন চিলির বিপক্ষে, ফিরেই দেখালেন কেন তিনি আর্জেন্টিনার হৃদয়। যদিও বেঞ্চ থেকে নেমে তার খেলার সময় ছিল সীমিত, তবুও মাঠে তার উপস্থিতিই যেন বাড়িয়ে দিল দলের আত্মবিশ্বাস।
বিশ্বকাপ ২০২৬ এর চূড়ান্ত পর্ব আগেই নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। এখন ম্যাচগুলো কেবলই নিয়মরক্ষার। এমনই এক নিয়মরক্ষার ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ১৬তম মিনিটে হুলিয়ান আলভারেজ সফরকারী আর্জেন্টিনার পক্ষে জয়সূচক গোলটি করেন।
চিলির মাঠে শুক্রবার সকালে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘোরানোর মতো চেষ্টাই করে চিলি। তখনই ৫৭তম মিনিটে স্কালোনি নামান তার তুরুপের তাস-লিওনেল মেসি।
মাঠে নামার পরপরই খেলার গতি পাল্টে যেতে শুরু করে। ৭৮তম মিনিটে ফ্রি কিক থেকে গোলের সম্ভাবনা তৈরি করেন, যদিও চিলির গোলরক্ষক ব্রায়ান কর্তেস তা ঠেকিয়ে দেন। ৮৩তম মিনিটে তার নিখুঁত রক্ষণচেরা পাসে গোলের একদম সামনে চলে গিয়েছিলেন জুলিয়ানো সিমেওনে, কিন্তু খালি জালেও বল পাঠাতে ব্যর্থ হন।