কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে স্তাদে রেনেকে হারিয়ে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পৌঁছেছে প্যারিস সেন্ত জার্মেই। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে এমবাপ্পে ৪০ মিনিটে জয়সূচক গোলটি করেন। এ জয়ের ফলে ১৫তম ট্রফির দিকে আরো এক ধাপ এগিয়ে গেল প্যারিস সেন্ত জার্মেই।
নিজেদের মাঠের খেলায় পিএসজি’র একচ্ছত্র আধিপত্য ছিল। তবে স্তাদে রেনের গোলরক্ষক স্টিভ মানদান্দা তাদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। এমনকিট এমবাপ্পের একটা পেনাল্টি শটও তিনি রুখে দিয়েছেন।
২৫ মিনিটের সময় এমবাপ্পের নেওয়া পেনাল্টি শট রুখ দিলেও তাকে গোল থেকে বঞ্চিত রাখতে পারেননি স্টিভ মানদান্দা। তিন মিনিট পর দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন। ফ্যাবিয়ান রুইজ ছিলেন এ গোলের রূপকার। এটা ছিল টুর্নামেন্টে এমবাপ্পের অষ্টম গোল।
দ্বিতীয়ার্ধে রেনে গোল পরিশোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ রচনা করেছে। ম্যাচকে টাইব্রেকারে টেনে নেওয়ার পরিস্থিতিও তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত গোলের সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।
শিরোপা লড়াইয়ে পিএসজি লিও’র মুখোমুখি হবে। মঙ্গলবার ভ্যালেন্সিয়েন্সেকে হারিয়ে লিও ফাইনাল নিশ্চিত করে। আগামী ২৫ ফাইনাল অনুষ্ঠিত হবে।
পিএসজির সামনে ফ্রেঞ্চ কাপের শিরোপা জয়ের যেমন সম্ভাবনা রয়েছে তেমনি সম্ভাবনা রয়েছে ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। ঘরোয়া লিগে তারা পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। আর চ্যাম্পিয়ন্স লিগে এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। এ রাউন্ডে তারা বার্সেলোনার বিপক্ষে খেলবে। আগামী বুধবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে তারা আতিথেয়তা দেবে।