April 30, 2026, 5:59 AM

চ্যাম্পিয়ন মেরিনার্সকে হারিয়ে মোহামেডানের জয়োৎসব

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দারুণ এক জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। আজ সোমবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে ৩-২ গোলে হারায় তারা। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই ম্যাচে সাদা-কালোর হয়ে দ্বীন ইসলাম ইমন, আমিরুল ইসলাম এবং মালয়েশিয়ান ফায়জাল বিন সারি একটি করে গোল করেন। অপর দিকে মেরিনার্সের অধিনায়ক ফজলে হোসেন রাব্বি ও আবেদ উদ্দিন গোল করেও দলকে জেতাতে পারেননি।

সুপার সিক্স পর্ব যতই ঘনিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ আকাশে চড়ছে। খেলোয়াড়দের মধ্যে ঠুনকো বিষয়ে হচ্ছে কথা কাটাকাটি, হাতাহাতির ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। আম্পায়ারদেরও সিদ্ধান্ত নিতে ভিডিও আম্পায়ারের দ্বারস্থ হতে হচ্ছে বারংবার। এতে করে এক ঘণ্টার ম্যাচে সময় ব্যয় হচ্ছে আড়াই থেকে তিন ঘণ্টা। আজ মোহামেডান- মেরিনার্সের ম্যাচেও একই অবস্থার সৃষ্টি হয়েছে। শেষ কোয়ার্টার শেষ হতে সময় লেগেছে ৫৫ মিনিট।

আজ খেলার প্রথম কোয়ার্টারের ১১ মিনিটে দ্বীন ইসলাম ইমনের ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান। দ্বিতীয় কোয়ার্টারের ২৭ মিনিটে সমতায় ফেরে মেরিনার্স। ফজলের হোসেন রাব্বির ফিল্ড গোলে ১-১ সমতায় শেষ হয় দ্বিতীয় কোয়ার্টার। তৃতীয় কোয়ার্টারের ৩৯ মিনিটে আবেদের ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স (১-২)। মিনিট তিন পর ফয়জাল বিন সারির ফিল্ড গোলে সমতায় ফেরে মোহামেডান (২-২)। ম্যাচের জয়সূচক গোলটি আসে চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৫৪ মিনিটে। মোহামেডানের তরুণ ডিফেন্ডার আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে পূর্ণ পয়েন্ট এনে দেন (৩-২)।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com