তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জয়ে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। আজ তৃতীয় ও শেষ টি-২০ম্যাচেও তারা বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশের সামনে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করেছে তারা।
টস জয়ের পর আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ব্যাট হাতে চমৎকার শুরু এনে দিয়েছিলেন তিনি। তবে অন্য প্রান্তের সতীর্থরা তাকে সেভাবে সহযোগিতা দিতে পারেনি। ফলে সফরকারী দলকে অল্প রানে বেঁধে ফেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। কিন্তু মিডল অর্ডার ব্যাটার তাহিলা ম্যাকগ্রাথের ঝড়ো ব্যাটিং সব এলেমেলো হয়ে যায়। অস্ট্রেলিয়া পেয়ে যায় সমৃদ্ধ সংগ্রহ।
অ্যালিসা হিলি ২৯ বলে ৪৫ রান করেন। আর তাহিলা ম্যাকগ্রাথের সংগ্রহ ছিল ২৯ বলে ৪৩ রান। এছাড়া গ্রেস হ্যারিসের ১১ বলে ১৯ রান নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়।
বাংলাদেশের নাহিদা আক্তার ছিলেন সফল বোলার। ৩ উইকেট শিকার তার। এছাড়া শরীফা খাতুন ও রাবেয়া আক্তার একটি করে উইকেট নেন।