May 2, 2026, 1:09 AM

নারিনের বিধ্বংসী ব্যাটিংয়ে কলকাতার বড় জয়

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৯:০১ পূর্বাহ্ন

গত সপ্তাহে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা। আর তাতেই ক্রিকেটপ্রেমীরা দেখেছিল আইপিএলের সর্বোচ্চ দলীয় স্কোর। তাদের সংগ্রহ ছিল ২৭৭ রান। বুধবার রাতে নতুন এক দলীয় রেকর্ডের সম্ভাবনা তৈরি করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের দুই ব্যাটার সুনিল নারিন ও অ্যাংক্রিশ রাঘুবানসি। ব্যাট হাতে তারা দুইজনেই কাঁপিয়ে দেয়েছিলেন। শেষ পর্যন্ত রেকর্ড হয়নি, ২৭২ রানে গিয়ে থামে কলকাতার স্কোর। আর এতেই বড় জয় পেয়েছে দলটি। দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে ১০৬ রানের বিশাল ব্যবধানে। ক্যাপিটালস ১৬৬ রানে অল আউট হয়।

ক্যাপিটালসের বিপক্ষে এ জয়ের ফলে কলকাতা পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। তিন ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৬।

এ জয়ের পথে ব্যাট হাতে নারিন করেছেন ৩৯ বলে ৮৫ রান। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। আর রাঘুবানসির সংগ্রহ ছিল ২৭ বলে ৫৪ রান। তাদের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের শেষটা হয় আন্দ্রে রাসেলের ঝড়ে। ১৯ বলে করেন ৪১ রান।

বিশাল এ রান টপকে জয় পেতে উড়ন্ত একটা সূচনা দরকার হয়। কিন্তু দিল্লি ক্যাপিটালস হেঁটেছে তার উল্টো পথে। ৩৩ রান করতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। পঞ্চম উইকেটে অবশ্য রিশভ পন্থ ও ট্রিস্টান স্টাবস দারুণ ব্যাটিং করেছেন। ৯৩ রানের পার্টনারশিপ তাদের। উভয়ে হাফ সেঞ্চুরি করেছেন। কিন্তু পরের পাঁচ ব্যাটারের কেউ দুই অঙ্কে যেতে পারেননি। পঞ্চম উইকেট জুটির আগে দুই ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। ফলে যা হওয়ার তাই হয়েছে। বিশাল ব্যবধােনে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com