অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের কাছে বাংলাদেশের নারী ক্রিকেট দলের আরো একটা বড় হার। তার ধারাবাহিকতায় টি-২০ সিরিজেও বাংলাদেশ হোয়াইট ওয়াশ। আজ মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ৭৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এর ফলে ওয়ানডের পর অস্ট্রেলিয়ার কাছে টি-২০ সিরিজেও বাংলাদেশের মেয়েরা হোয়াইট ওয়াশ হলো।
অস্ট্রেলিয়া ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করেছিল। জবাবে ৭৮ রানে বাংলাদেশ সব উইকেট হারায়।
টস জয়ের পর আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ব্যাট হাতে চমৎকার শুরু এনে দিয়েছিলেন তিনি। তবে অন্য প্রান্তের সতীর্থরা তাকে সেভাবে সহযোগিতা দিতে পারেনি। ফলে সফরকারী দলকে অল্প রানে বেঁধে ফেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। কিন্তু মিডল অর্ডার ব্যাটার তাহিলা ম্যাকগ্রাথের ঝড়ো ব্যাটিং সব এলেমেলো হয়ে যায়। অস্ট্রেলিয়া পেয়ে যায় সমৃদ্ধ সংগ্রহ।
অ্যালিসা হিলি ২৯ বলে ৪৫ রান করেন। আর তাহিলা ম্যাকগ্রাথের সংগ্রহ ছিল ২৯ বলে ৪৩ রান। এছাড়া গ্রেস হ্যারিসের ১১ বলে ১৯ রান নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়।
বাংলাদেশের নাহিদা আক্তার ছিলেন সফল বোলার। ৩ উইকেট শিকার তার। এছাড়া শরীফা খাতুন ও রাবেয়া আক্তার একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটাররা সেই ব্যর্থতায় ঘুরপাক খেয়েছে। সাত ব্যাটার নিজেদের রানকে দুই অংকের রানে নিতে পারেননি। যে চার ব্যাটার ব্যক্তিগত সংগ্রহ দুই অংকে নিয়েছিলেন তা সমৃদ্ধ করতে পারেননি। ফলে যা হওয়ার তাই হয়েছে। উইকেটে আসা যাওয়ার মিছিল হয়েছে। দিলারা আকতার করেন ১২ রান, রিতু মনির সংগ্রহ ১০ রান আর ফাহিমা খাতুন করেছিলেন ১১ রান। সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে। তিনি করেছেন ৩২ রান।
বাংলাদেশের ব্যাটাররা অস্ট্রেলিয়ার কোনো বোলারকে হতাশ করেননি। যিনি বল হাতে নিয়েছেন তিনিই উইকেট পেয়েছেন। মোট সাতজন বল করেছেন। সফল বোলার ছিলেন টেলা ভ্লেমিন্ক। তিনি ৪ ওভারে ১২ রানে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া জর্জিয়া ওয়েরহাম দুই উইকেট পান।