August 1, 2026, 2:13 AM

কিসকুর মাকে আর্থিক সহায়তা, চাকরির আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

খেলা প্রতিবেদক
প্রকাশ ৩১ জুলাই, ২০২৬
কিসকুর মাকে আর্থিক সহায়তা
কিসকুর মাকে মোবাইল ফোন ও আর্থিক সহযোগিতা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন ফুটবল দলের অন্যতম সেরা স্ট্রাইকার স্মৃতি কিসকুর জীবনের ছোট্ট একটি আকুতি ছুঁয়ে গেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হৃদয়। মাঠের লড়াইয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কিশোরী ফুটবলারের ইচ্ছা ছিল, তার মায়ের কাছে যদি একটি মোবাইল ফোন থাকত, তাহলে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটি মায়ের সঙ্গে ভাগাভাগি করতে পারত সে।

কিসকুর সেই আকুতির কথা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। এরপর কিসকুর মাকে সহযোগিতার উদ্যোগ নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মিরপুরে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কিসকুর মায়ের হাতে নতুন একটি মোবাইল ফোন ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থারও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

কিসকুর মায়ের বিষয়ে খোঁজ নিতে গিয়ে অবশ্য শুরুতে কিছুটা জটিলতার মুখে পড়তে হয় সংশ্লিষ্টদের। জীবিকার তাগিদে ঢাকায় আসা কিসকুর মাকে তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রচেষ্টায় অবশেষে কিসকুর মায়ের সন্ধান পাওয়া যায়।

কিসকুর মায়ের জন্য চাকুরি

কিসকুর মা জীবিকার সন্ধানে ঢাকায় এলেও এখনো স্থায়ী কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি। তাঁর এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, কিসকুর মায়ের জন্য একটি চাকুরির ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি স্থায়ীভাবে কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং নিজের ও সন্তানের ভবিষ্যৎ আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন।

কিসকুর প্রতিভার প্রশংসা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সাফল্যই তার পথচলার শেষ নয়। ভবিষ্যতে কিসকু আরও বড় পরিসরে নিজেকে মেলে ধরবে এবং দেশের জন্য আরও সুনাম বয়ে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে সংবাদ সম্মেলনে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের খুদে ক্রীড়াবিদদের জন্য আরও একটি সুখবর জানান প্রতিমন্ত্রী। গত ২৭ জুলাই জমকালো সমাপনী অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর।

প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ

প্রতিমন্ত্রী জানান, সমাপনী অনুষ্ঠানের পরদিনই প্রধানমন্ত্রী কিসকুসহ প্রতিযোগিতায় পুরস্কৃত সব খুদে ক্রীড়াবিদ এবং তাদের অভিভাবকদের রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনায়’ নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন।

বর্তমানে পুরস্কারপ্রাপ্ত সব ক্রীড়াবিদ ও তাদের অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর সময়সূচি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিশেষ এই নৈশভোজের আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

কিসকুর মায়ের হাতে মোবাইল ফোন ও আর্থিক সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি চাকরির আশ্বাস এবং নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজের আমন্ত্রণ, সব মিলিয়ে নতুন কুঁড়ির প্রথম আসরকে ঘিরে নতুন এক মানবিক ও আনন্দঘন অধ্যায়ের সূচনা হলো।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com