July 31, 2026, 3:12 AM

বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণা করেছে তিন দেশ

খেলা প্রতিবেদক
প্রকাশ ৩০ জুলাই, ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণা
বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল।

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নতুন এক বিতর্কিত দাবি তুলেছেন। তার ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনাবিরোধী প্রচারণার পেছনে অর্থায়ন করেছে ব্রাজিল সরকার, মেক্সিকো সরকার এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি। তবে এ দাবির সমর্থনে তিনি কোনো প্রমাণ প্রকাশ করেননি।

স্থানীয় রেডিও স্টেশন রেডিও মিত্র-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিলেই বলেন, আর্জেন্টিনাবিরোধী প্রচারণার অর্থের একটি বড় অংশ এসেছে ব্রাজিল সরকারের কাছ থেকে। তার দাবি, মোট অর্থায়নের প্রায় ২৫ শতাংশ ব্রাজিল সরকার দিয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই প্রচারণায় মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টিও জড়িত ছিল।

মিলেই আরও বলেন, এসব পক্ষ এমন রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, যারা স্বাধীনতার ধারণাকে সফল হতে দিতে চায় না। তবে এসব বক্তব্যের পক্ষে তিনি কোনো নথি, তথ্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করেননি।

বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনাকে ঘিরে কয়েকটি বিতর্ক সামনে আসে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারকে ফকল্যান্ড ( আর্জেন্টিনার ভাষায় এটি মালভিনাস) দ্বীপপুঞ্জ-সংক্রান্ত একটি ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। পরে স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা এবং সহকারী কোচ রবার্তো আয়ালা প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার বিরুদ্ধে বর্ণবাদ, অসৌজন্যমূলক আচরণ এবং রেফারিংয়ে লিওনেল মেসিদের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটেই মিলেই তার বক্তব্য তুলে ধরেন।

উল্লেখ্য, বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উপস্থিত থাকলেও সেখানে যাননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট। তিনি আগেই জানিয়েছিলেন, নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে না গিয়ে বুয়েনস আইরেসের সরকারি বাসভবন অলিভোস থেকেই পুরো বিশ্বকাপের মতো ফাইনাল ম্যাচও উপভোগ করবেন।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com