July 26, 2026, 5:03 PM

সেরা ১০ স্ট্রাইকার : হালান্ড-এমবাপ্পেকে পেছনে ফেলে শীর্ষে কেইন

খেলা প্রতিবেদক
প্রকাশ ২৫ জুলাই, ২০২৬
বিশ্বের সেরা ১০ স্ট্রাইকার
হালান্ড, কেইন ও এমবাপ্পে

বিশ্ব ফুটবলে এই মুহূর্তে সেরা স্ট্রাইকার কে? এর উত্তর নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড যে এই তালিকার শীর্ষ তিনে থাকবেন, তা নিয়ে খুব বেশি দ্বিমত নেই। মূল প্রশ্ন হলো, তিনজনের মধ্যে কে সবার ওপরে? আসুন দেখে নেওয়া যাক , বিশ্বের সেরা ১০ স্ট্রাইকার এর তালিকা ।

সাম্প্রতিক পারফরম্যান্স, গোলসংখ্যা ও দলের হয়ে অবদানের ভিত্তিতে বিশ্বের সেরা ১০ জন ‘নম্বর নাইন’ এর তালিকায় শীর্ষে রাখা হয়েছে ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা হ্যারি কেইনকে। দ্বিতীয় স্থানে কিলিয়ান এমবাপ্পে এবং তৃতীয় আর্লিং হালান্ড।

তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে শুধু মূল স্ট্রাইকার বা স্বীকৃত ‘নম্বর নাইন’দের বিবেচনা করা হয়েছে। উইঙ্গার কিংবা আক্রমণভাগের এমন খেলোয়াড়, যারা প্রয়োজনে মাঝখানে খেলেন, তাদের এই তালিকার বাইরে রাখা হয়েছে।

১০. রবার্ট লেভানডোভস্কি

৩৭ বছর বয়সেও গোল করার ধার কমেনি লেভানডোভস্কির। গত মৌসুমে ১৯ গোল করার পাশাপাশি ক্যারিয়ারে ১৪তম লিগ শিরোপা জিতেছেন তিনি। বয়সের কারণে সেরা সময় পেছনে ফেলে এলেও অভিজ্ঞতা ও গোল করার সামর্থ্যের বিচারে এখনও বিশ্বের সেরা স্ট্রাইকারদের তালিকায় রয়েছেন পোলিশ এই তারকা।

বিশ্বের সেরা ১০ স্ট্রাইকার - রবার্ট লেভানডোভস্কি
রবার্ট লেভানডোভস্কি

৯. ডেনিজ উন্দাভ

তালিকায় উন্দাভের জায়গা কিছুটা চমকপ্রদ হলেও সাম্প্রতিক পারফরম্যান্স তার পক্ষে কথা বলছে। ২০২৬ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে ২১ গোল করেছেন জার্মান এই ফরোয়ার্ড। চলতি বছরে গোলসংখ্যায় তিনি আর্লিং হালান্ডকেও ছাড়িয়ে গেছেন।

ডেনিজ উন্দাভ
ডেনিজ উন্দাভ

৮. ভিক্টর গিয়কেরেস

আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গিয়কেরেস। স্পোর্টিংয়ের হয়ে দুই মৌসুমে প্রায় ১০০ গোল করার পাশাপাশি সুইডেনের হয়ে ৩৭ ম্যাচে করেছেন ২১ গোল। দুর্দান্ত পরিসংখ্যান থাকলেও মাঠের পারফরম্যান্সে এখনও বিশ্বসেরাদের পর্যায়ে পুরোপুরি পৌঁছাতে পারেননি বলে মনে করা হচ্ছে।

ভিক্টর গিয়কেরেস
ভিক্টর গিয়কেরেস

৭. হুলিয়ান আলভারেজ

বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে আলভারেজের আলাদা পরিচিতি রয়েছে। ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রেখেছেন বড় অবদান। তবে গত মৌসুমে লা লিগায় মাত্র আট গোল করায় তার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রতিভা থাকলেও শীর্ষ তিনে উঠতে হলে আরও নিয়মিত পারফরম্যান্স দেখাতে হবে তাকে।

হুলিয়ান আলভারেজ
হুলিয়ান আলভারেজ

৬. মিকেল ওইয়ারসাবাল

স্পেনের হয়ে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত গোল-রেকর্ড গড়েছেন ওইয়ারসাবাল। ইউরো ২০২৪ ফাইনালে জয়সূচক গোল করার পর ২০২৬ বিশ্বকাপেও করেছেন পাঁচ গোল। জাতীয় দলের হয়ে সর্বশেষ ২১ ম্যাচে তার গোল ১৮টি। বড় ক্লাবে না খেললেও স্পেনের আক্রমণভাগে তার গুরুত্ব দিন দিন বাড়ছে।

 মিকেল ওইয়ারসাবাল
মিকেল ওইয়ারসাবাল

৫. লাউতারো মার্তিনেজ

আর্জেন্টিনার হয়ে ৪০ গোল এবং ইন্টার মিলানের হয়ে ১৭৫ গোল করেছেন লাউতারো। ইন্টার ও আর্জেন্টিনার ইতিহাসে গোলসংখ্যায় তিনি যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। তিনটি লিগ শিরোপার পাশাপাশি টানা দুই মৌসুম সিরি আ’র সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন। তবু তার প্রাপ্য সম্মান অনেক সময় পান না বলেই মনে করা হয়।

লাউতারো মার্তিনেজ
লাউতারো মার্তিনেজ

৪. ভিক্টর ওসিমেন

বিশ্বের সেরা চার স্ট্রাইকারের একজন হয়েও তুরস্কের সুপার লিগে খেলছেন ওসিমেন, এটাই তার অবস্থান নিয়ে সবচেয়ে বড় বিস্ময়। চ্যাম্পিয়নস লিগে লিভারপুল ও জুভেন্টাসের বিপক্ষে তার পারফরম্যান্স প্রমাণ করেছে, ইউরোপের শীর্ষ ক্লাবের আক্রমণভাগে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য তার রয়েছে।

ভিক্টর ওসিমেন
ভিক্টর ওসিমেন

৩. আর্লিং হালান্ড

শীর্ষ তিনে থাকা তিন স্ট্রাইকারের মধ্যে ব্যবধান খুবই সামান্য। হালান্ডের খেলার ধরন অনেকটা গোলমুখী। বল পায়ে কম সময় থাকলেও সুযোগ পেলেই গোল করার অসাধারণ ক্ষমতা তার সবচেয়ে বড় শক্তি।

সালজবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ড ও ম্যানচেস্টার সিটির হয়ে তার গোলের ধারাবাহিকতা অবিশ্বাস্য। নরওয়ের হয়েও ৫৫ ম্যাচে করেছেন ৬২ গোল। মাত্র ২৬ বছর বয়সেই হালান্ডকে সর্বকালের সেরা ‘নম্বর নাইন’দের আলোচনায় নিয়ে আসা হচ্ছে।

আর্লিং হালান্ড
আর্লিং হালান্ড

২. কিলিয়ান এমবাপ্পে

গতি, ড্রিবলিং, প্রতিপক্ষকে কাটিয়ে ওঠা এবং গোল করার দক্ষতায় এমবাপ্পে ইতোমধ্যে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এবং বিশ্বকাপে দুটি গোল্ডেন বুট জেতা প্রথম খেলোয়াড় তিনি।

তবে এখনও চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি তার। সর্বোচ্চ পর্যায়ে রক্ষণে তার অবদান নিয়েও প্রশ্ন রয়েছে। তারপরও ব্যক্তিগত দক্ষতা ও গোল করার ক্ষমতায় এমবাপ্পে যে বিশ্বের অন্যতম সেরা, তা নিয়ে সন্দেহ নেই।

কিলিয়ান এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে

১. হ্যারি কেইন

এই তালিকায় সবার ওপরে হ্যারি কেইন। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৬১ গোল। জিতেছেন দ্বিতীয় ইউরোপিয়ান গোল্ডেন শু। ডিএফবি-পোকালের ফাইনালেও হ্যাটট্রিক করে দলকে শিরোপা এনে দিয়েছেন।

কেইনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, তিনি শুধু গোলদাতা নন। প্রয়োজন হলে নিচে নেমে খেলেন, সতীর্থদের জন্য সুযোগ তৈরি করেন এবং একজন প্লেমেকারের মতো বল সরবরাহ করেন। অর্থাৎ, হালান্ডের মতো শুধু গোলমুখী কিংবা এমবাপ্পের মতো গতিনির্ভর নয়, কেইন একই সঙ্গে গোলদাতা ও সৃষ্টিশীল খেলোয়াড়।

হ্যারি কেইন
হ্যারি কেইন

চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপ, কোনোটিই এখনও জেতা হয়নি কেইনের। তবে বর্তমান ফর্ম ও সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় এই তালিকায় হালান্ড ও এমবাপ্পেকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন ইংল্যান্ড অধিনায়ক।

সেরা ১০ স্ট্রাইকারের তালিকা

হ্যারি কেইন
কিলিয়ান এমবাপ্পে
আর্লিং হালান্ড
ভিক্টর ওসিমেন
লাউতারো মার্তিনেজ
মিকেল ওইয়ারসাবাল
হুলিয়ান আলভারেজ
ভিক্টর গিয়কেরেস
ডেনিজ উন্দাভ
১০
রবার্ট লেভানডোভস্কি

তালিকাটি নিয়ে সবচেয়ে বড় বিতর্ক সম্ভবত শীর্ষ তিনকে ঘিরেই, হালান্ডের গোল করার অসাধারণ দক্ষতা, এমবাপ্পের বহুমুখী আক্রমণাত্মক ক্ষমতা নাকি কেইনের গোল ও প্লেমেকিংয়ের সমন্বয়, আপনার চোখে কে সবার সেরা?


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com