২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত আর্লিং হালান্ডের স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে রিয়াল মাদ্রিদের কাছে হোম ও অ্যাওয়ে দুই ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলো ম্যানচেস্টার সিটি।
দুই লেগ মিলিয়ে হালান্ড মাত্র একটি গোল করতে সক্ষম হয়েছিলেন। মৌসুমজুড়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোল ও ৭ অ্যাসিস্ট করলেও, ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে দলকে এগিয়ে নিতে ব্যর্থ হওয়ায় ব্যালন ডি’অর দৌড়ে তার অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর এখন ম্যানচেস্টার সিটির সামনে কেবল কারাবাও কাপ ও এফএ কাপ জয়ের সুযোগ রয়েছে। তবে ইতিহাস বলছে, ব্যালন ডি’অর জিততে বড় আন্তর্জাতিক বা ইউরোপীয় শিরোপা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে হালান্ডের সম্ভাবনা এখন অনেকটাই কমে গেছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা তারকারা এবং ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো ফুটবলাররা এখন ব্যালন ডি’অর দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
২০২৬ সালের ব্যালন ডি’অর কার হাতে উঠবে, সেটি এখন আরও জমে উঠেছে। হালান্ডের বিদায়ের পর এই মর্যাদাপূর্ণ পুরস্কারের লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে।