July 10, 2026, 3:22 AM

আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর

খেলা প্রতিবেদক
প্রকাশ ৯ জুলাই, ২০২৬

মিসরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর আর্জেন্টিনা শিবিরে যে একমাত্র দুশ্চিন্তা ছিল, সেটিও কেটে গেছে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে পুরোপুরি সুস্থ আছেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো। এ যেন আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর ।

মিসরের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ে আর্জেন্টিনার প্রথম গোলটি করেছিলেন রোমেরো। তবে ম্যাচের শেষ দিকে তাকে কিছুটা ক্লান্ত ও অস্বস্তিতে দেখা যায়। পরে জানা যায়, তার বাম পায়ের কাফে (পেশিতে) টান লেগেছিল। তবে সেটি গুরুতর কোনো চোট নয়, কেবল ক্র্যাম্প ছিল।

বুধবার (৮ জুলাই) দলের অনুশীলনে অংশ নেন রোমেরো। আর্জেন্টিনা দলের সবাই সুস্থ আছেন এবং সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত। ফলে কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে রোমেরোকে নিয়েই মাঠে নামার পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি।

বুধবারের অনুশীলনে যারা মিসরের বিপক্ষে বেশি সময় খেলেছেন, তারা মূলত জিমে ও পুনরুদ্ধারমূলক (রিকভারি) অনুশীলন করেছেন। অন্যদিকে, যারা কম সময় খেলেছেন বা একাদশে ছিলেন না, তারা মাঠে আলাদা অনুশীলন করেছেন। অনুশীলনের প্রথম ১৫ মিনিট গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়।

এখন পর্যন্ত আর্জেন্টিনার একাদশে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। আজ বৃহস্পতিবার কৌশলগত অনুশীলনে সম্ভাব্য প্রথম একাদশ চূড়ান্ত করবেন স্কালোনি। শুক্রবার হবে শেষ অনুশীলন এবং সেদিনই সংবাদ সম্মেলনে ম্যাচ-পূর্ব পরিকল্পনা তুলে ধরবেন আর্জেন্টিনা কোচ।

আগামী শনিবার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com