July 22, 2026, 9:08 PM

মেসিকেই বিশ্বকাপের সেরা ঘোষণা

খেলা প্রতিবেদক
প্রকাশ ২২ জুলাই, ২০২৬
মেসিকেই বিশ্বকাপের সেরা ঘোষণা

বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। আর ফিফার গোল্ডেন বল উঠেছে স্পেন অধিনায়ক রদ্রির হাতে। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পরই যেন বদলে গেল সেরা খেলোয়াড়ের হিসাব! ফিফা যাকে সেরা বলেনি, তাকেই এবার বিশ্বকাপের সেরা ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা, আই.এফ.এফ.এইচ.এস! তিনি আর কেউ নন, লিওনেল মেসি!

আই.এফ.এফ.এইচ.এস জানিয়েছে, কোনো আবেগ, জনপ্রিয়তা কিংবা খেলোয়াড়ের পরিচিতির ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাদের নিজস্ব পারফরম্যান্স ইনডেক্স বিশ্লেষণ করেই মেসিকে দেওয়া হয়েছে এই স্বীকৃতি। এই পদ্ধতিতে একজন খেলোয়াড়ের গোল, অ্যাসিস্ট, প্রতিটি ম্যাচের পারফরম্যান্স রেটিং এবং নকআউট পর্বে দলের ওপর তার প্রভাব- সবকিছুকে নির্দিষ্ট ডেটা ও সমীকরণের মাধ্যমে মূল্যায়ন করা হয়। ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচের বিস্তারিত পরিসংখ্যান বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছে সংস্থাটির কারিগরি প্যানেল।

আর এখানেই মেসির পারফরম্যান্সের পরিসংখ্যান হয়ে উঠছে সবচেয়ে বড় যুক্তি। কারণ, বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার হয়ে মেসি ছিলেন দলের মূল ভরসা। তাহলে পরিসংখ্যান কী বলছে? চলুন দেখে নেওয়া যাক, কেন আইএফএফএইচএসের চোখে মেসিই বিশ্বকাপের সেরা। পুরো টুর্নামেন্টে আটটি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। আর এই আট ম্যাচে তার গোল,আটটি! এর সঙ্গে রয়েছে আরও চারটি অ্যাসিস্ট। সব মিলিয়ে বিশ্বকাপজুড়ে মেসির গড় ম্যাচ রেটিং ছিল ৮.৩৩! অর্থাৎ, বয়স ৩৯ হলেও পারফরম্যান্সের বিচারে এখনো তিনি ছিলেন বিশ্বকাপের অন্যতম সেরা।

তবে আইএফএফএইচএসের মূল্যায়নে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নকআউট পর্ব। কারণ, গ্রুপ পর্বে ভালো খেলা আর বিদায়ের শঙ্কায় থাকা ম্যাচে দলকে টেনে তোলা দুটো এক বিষয় নয়। নকআউট পর্বেই একজন খেলোয়াড়ের আসল মাহাত্ম্য প্রকাশ পায়। আর আর্জেন্টিনার ফাইনাল পর্যন্ত যাত্রায় মেসির অবদান ছিল অনস্বীকার্য। যখন ম্যাচের চাপ সবচেয়ে বেশি, যখন একটি ভুলেই বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যেতে পারে, সেই মুহূর্তগুলোতেই মেসির পারফরম্যান্স আইএফএফএইচএসের বিশ্লেষণে বিশেষ গুরুত্ব পেয়েছে।

বিশ্বকাপের সেরা খেলোয়াড় কে?

তাহলে এখন প্রশ্ন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় কে? ফিফার হিসাবে রদ্রি। আর আইএফএফএইচএসের ডেটাভিত্তিক বিশ্লেষণে লিওনেল মেসি। একই বিশ্বকাপে দুই ভিন্ন স্বীকৃতি। আর এ কারণেই বিশ্বকাপ শেষ হওয়ার পরও সেরা খেলোয়াড়ের বিতর্ক যেন শেষ হচ্ছে না।

শিরোপা জিততে পারেননি মেসি। গোল্ডেন বলও ওঠেনি তার হাতে। তবুও পরিসংখ্যানের হিসাব বলছে, বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে সবচেয়ে বেশি প্রভাব রাখা খেলোয়াড়দের একজন ছিলেন তিনিই। আর সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই, আইএফএফএইচএসের চোখে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় লিওনেল মেসি!


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com