July 18, 2026, 3:01 AM

সিরিজ বাঁচাতে টস হেরে জিম্বাবুয়ের বিপেক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা প্রতিবেদক
প্রকাশ ১৭ জুলাই, ২০২৬

টেস্ট ও ওয়ানডে সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া হওয়ার শঙ্কায় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা টাইগারদের সামনে আজ ‘ডু অর ডাই’ লড়াই। বুলাওয়েতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে জিম্বাবুয়ের বিপেক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

এই সফরে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা হয়ে উঠেছেন জিম্বাবুয়ের দুই পেসার রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। টেস্ট, ওয়ানডে এবং প্রথম টি-টোয়েন্টি, সব সংস্করণেই এই দুই পেসারের গতি ও বাউন্সের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রথম টি-টোয়েন্টিতে দুজনই চারটি করে উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধসের প্রধান কারণ ছিলেন।

বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও স্বীকার করেছেন, পুরো সফরেই এনগারাভা ও মুজারাবানিকে সামলাতে ব্যর্থ হয়েছে তার দল। ম্যাচের আগে তিনি বলেন,

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; সব সংস্করণেই তারা আমাদের ভুগিয়েছে। তাদের উচ্চতার কারণে যেকোনো উইকেট থেকেই বাড়তি বাউন্স বের করে আনতে পারে। তাই পরের ম্যাচে তাদের বিপক্ষে আরও পরিকল্পিত ও স্মার্ট ক্রিকেট খেলতে হবে।

প্রথম টি-টোয়েন্টিতে ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতেই একাধিক উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। যদিও তাওহীদ হৃদয় ও ইয়াসির আলীর জুটি কিছুটা আশা জাগিয়েছিল, হৃদয়ের বিদায়ের পর আবারও ভেঙে পড়ে ইনিংস। শেষ পর্যন্ত ৩২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

সালাউদ্দিনের মতে, বুলাওয়ের উইকেট বাংলাদেশের জন্য অপরিচিত ছিল না। বরং এই উইকেটে ১৭১ রান তাড়া করে জেতা সম্ভব ছিল। তবে ব্যাটারদের ভুল শট নির্বাচন, শুরুতেই উইকেট হারানো এবং বড় জুটি গড়তে না পারাই পরাজয়ের মূল কারণ।

তিনি আরও বলেন, প্রায় তিন সপ্তাহ ধরে জিম্বাবুয়েতে অবস্থান করার পরও কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে না পারা হতাশাজনক। দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা আরও ধৈর্যশীল ও দায়িত্বশীল ক্রিকেট খেলবেন বলেই আশা করছেন তিনি।

চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে আজও বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। সিরিজ বাঁচানোর এই লড়াইয়ে ব্যাটাররা ঘুরে দাঁড়াতে পারলেই কেবল সমতায় ফেরার আশা বাঁচিয়ে রাখতে পারবে টাইগাররা।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com