July 18, 2026, 3:01 AM

ফকল্যান্ডস ব্যানার প্রদর্শন – আর্জেন্টিনার বিপক্ষে তদন্তে নেমেছে ফিফা

খেলা প্রতিবেদক
প্রকাশ ১৭ জুলাই, ২০২৬
ফকল্যান্ডস ব্যানার প্রদর্শন - আর্জেন্টিনার বিপক্ষে তদন্তে নেমেছে ফিফা
ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে আটলান্টা স্টেডিয়ামে আর্জেন্টিনার ফুটবলার লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো ও জিওভানি লো সেলসো একটি ব্যানার হাতে পোজ দেন।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারানোর পর রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিপক্ষে তদন্তে নেমেছে ফিফা ।

বুধবার ম্যাচ শেষে উদযাপনের সময় আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ এবং বদলি খেলোয়াড় জিওভানি লো সেলসো “Las Malvinas son Argentinas” লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। এর বাংলা অর্থ, “ফকল্যান্ড (মালভিনাস) আর্জেন্টিনার”। খেলোয়াড়রা ব্যানারটি হাতে নিয়ে দর্শকদের উদ্দেশে হাসিমুখে শুভেচ্ছা জানান।

এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা ফিফার কাছে বিষয়টি তদন্তের আহ্বান জানান। এরপর ফিফা জানায়, এটি তাদের “স্বাভাবিক প্রক্রিয়ার” অংশ হিসেবে তদন্তাধীন রয়েছে।

ফিফার এক মুখপাত্র জানান,

ফিফার স্বাধীন শৃঙ্খলা কমিটি ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট পরিস্থিতি পর্যালোচনা করছে। এরপর ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, খেলাধুলার আসরে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা আপত্তিকর বার্তা প্রদর্শন নিষিদ্ধ। এ ধরনের নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট খেলোয়াড় বা জাতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। রাজনৈতিক বার্তা প্রদর্শনের জন্য ফিফার শাস্তি হিসেবে সাধারণত ৫ হাজার থেকে ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

এদিকে, আর্জেন্টিনা আগামী রোববার নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে। বর্তমান চ্যাম্পিয়ন দলটি শিরোপা ধরে রাখার লক্ষ্যেই খেলবে।

ব্যানার প্রদর্শনের বিষয়ে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে লিসান্দ্রো মার্টিনেজ বলেন, “আমরা আর্জেন্টিনার জনগণকে হতাশ করতে পারতাম না।” উল্লেখ্য, মার্টিনেজ গত চার বছর ধরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com