July 18, 2026, 3:01 AM

ফকল্যান্ডস ব্যানার বিতর্ক – অতীতের নজিরও খতিয়ে দেখছে ফিফা

খেলা প্রতিবেদক
প্রকাশ ১৭ জুলাই, ২০২৬
ফকল্যান্ডস ব্যানার বিতর্ক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচ সেমিফাইনাল ম্যাচ শেষে আর্জেন্টিনার ফুটবলাররা এই ব্যানার নিয়ে উদযাপন করেন।

ফকল্যান্ডস ব্যানার বিতর্ক – অতীতের নজিরও খতিয়ে দেখছে ফিফা । বিশ্বকাপ সেমিফাইনালে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা। একই সঙ্গে অতীতের অনুরূপ ঘটনাগুলোও নতুন করে আলোচনায় এসেছে, যেখানে রাজনৈতিক বা আঞ্চলিক দাবি-সংবলিত বার্তা প্রদর্শনের কারণে বিভিন্ন দেশ ও খেলোয়াড় শাস্তির মুখে পড়েছে।

আর্জেন্টিনার পররাষ্ট্রবিষয়ক কর্মকর্তা হোসে লুইস কুইর্নো জানান, ফকল্যান্ড দ্বীপপুঞ্জভিত্তিক ব্রিটিশ জাহাজ এইচ.এম.এস মেডওয়ে-এর কার্যক্রমকে দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে। সোমবার বুয়েনস আইরেসে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাসে এ বিষয়ে একটি প্রতিবাদপত্র জমা দেয় আর্জেন্টিনা।

অতীতেও শাস্তি পেয়েছে আর্জেন্টিনা

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ শুরুর আগে বুয়েনস আইরেসে একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা “Las Malvinas son Argentinas” (মালভিনাস বা ফকল্যান্ড আর্জেন্টিনার) লেখা একই স্লোগান প্রদর্শন করেছিলেন।

বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফার শৃঙ্খলা কমিটি ওই ঘটনার রায় প্রকাশ করে এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ৩০ হাজার সুইস ফ্রাঁ (তৎকালীন প্রায় ৩৭ হাজার মার্কিন ডলার) জরিমানা করে।

দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়ও পেয়েছিলেন নিষেধাজ্ঞা

২০১২ লন্ডন অলিম্পিকে জাপানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয়ের পর দক্ষিণ কোরিয়ার ফুটবলার পার্ক জং-উ দর্শকের কাছ থেকে “Dokdo is our territory” (ডকডো আমাদের ভূখণ্ড) লেখা একটি ব্যানার তুলে ধরেন। ডকডো দ্বীপপুঞ্জ নিয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

পরবর্তীতে ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে পার্ককে নিষিদ্ধ করে ফিফা। রায়ে সংস্থাটি জানায়, এ ধরনের আচরণ “কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

সার্বিয়াও জরিমানার মুখে

২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে সার্বিয়ার ড্রেসিংরুমে কসোভোকে সার্বিয়ার অংশ হিসেবে দেখানো একটি মানচিত্র ও “No Surrender” (আত্মসমর্পণ নয়) স্লোগানসংবলিত ব্যানার টানানো হয়।

ঘটনাটি রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচনা করে ফিফা সার্বিয়া ফুটবল ফেডারেশনকে ২০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ২৪ হাজার ৮০০ মার্কিন ডলার) জরিমানা করে।

বর্তমান তদন্ত

সাম্প্রতিক ঘটনায় ফিফা জানিয়েছে, তাদের স্বাধীন শৃঙ্খলা কমিটি ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট পরিস্থিতি পর্যালোচনা করছে। তদন্ত শেষে ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফিফার নিয়ম অনুযায়ী, ফুটবল মাঠে রাজনৈতিক, আদর্শিক বা আঞ্চলিক বিরোধসংবলিত বার্তা প্রদর্শন নিষিদ্ধ।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com