বাংলাদেশে গ্লোবাল সুপার লিগের খেলা দেখাবে টি স্পোর্টস । ২০২৬ সালের এক্সনমোবিল গায়ানা গ্লোবাল সুপার লিগের (জিএসএল) সম্প্রচার তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের আসরে আগের মৌসুমগুলোর তুলনায় আরও বিস্তৃত পরিসরে টুর্নামেন্টের ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ক্যারিবিয়ান অঞ্চল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের দর্শকের কাছে পৌঁছে যাবে গ্লোবাল সুপার লিগের ম্যাচ।
আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশে টুর্নামেন্টটির সম্প্রচার স্বত্ব পেয়েছে টি স্পোর্টস। ভারত ও মালদ্বীপে ম্যাচ দেখা যাবে সনিতে। অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস এবং নিউজিল্যান্ডে স্কাই এনজেড ম্যাচ সম্প্রচার করবে।
এবারের আসরে যুক্তরাজ্য, আফগানিস্তান, মালয়েশিয়া, মালদ্বীপ ও ভুটানে প্রথমবারের মতো নির্দিষ্ট সম্প্রচার অংশীদারের মাধ্যমে ম্যাচ দেখার সুযোগ তৈরি হয়েছে। আফগানিস্তান, মালয়েশিয়া ও নেপালে সম্প্রচারের দায়িত্বে রয়েছে স্টাইক্সস্পোর্টস। যুক্তরাজ্যে ম্যাচ সম্প্রচার করবে এআরওয়াই ডিজিটাল এবং মধ্যপ্রাচ্যে মাইকো।
পাকিস্তানে ম্যাচ দেখা যাবে এ স্পোর্টস ও তামাশাতে। শ্রীলঙ্কায় সম্প্রচার করবে ডায়ালগ টিভি। যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের জন্য ম্যাচ সম্প্রচার করবে উইলো। এ ছাড়া প্যান-ক্যারিবিয়ান অঞ্চলে রাশ লাইভ অ্যান্ড লাউডার এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের দর্শকদের জন্য ইউটিউবে ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।
গ্লোবাল সুপার লিগের চেয়ারম্যান স্যার ক্লাইভ লয়েড বলেন, এবারের সম্প্রচার তালিকা টুর্নামেন্টটির বৈশ্বিক বিস্তারেরই প্রতিফলন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো গুরুত্বপূর্ণ ক্রিকেট বাজারে সম্প্রচার অংশীদারত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি যুক্তরাজ্য, আফগানিস্তান, মালয়েশিয়া, মালদ্বীপ ও ভুটানে নতুন দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘ক্রিকেট একটি বৈশ্বিক খেলা। তাই বিশ্বের যেখানেই দর্শক থাকুন না কেন, গ্লোবাল সুপার লিগ যেন সহজেই খুঁজে পান এবং আগ্রহ নিয়ে উপভোগ করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।’
২০২৬ মৌসুমে গ্লোবাল সুপার লিগের সম্প্রচার পরিধি এখন পর্যন্ত সবচেয়ে বড় হতে যাচ্ছে। ইতোমধ্যে ২০টিরও বেশি অঞ্চলে সম্প্রচার নিশ্চিত হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে আরও কয়েকটি সম্প্রচার অংশীদারের নাম ঘোষণা করা হতে পারে।